ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি) এবং ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম’-এর আওতায় দিনব্যাপী ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে “মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এবং উপজেলা বিএনপির সভাপতি এম. এ. হান্নান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ রমজান আলী, চাতলপাড় ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ওমর আলী এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে. এম. বসির উদ্দিন তুহিন।

অনুষ্ঠানে বক্তব্য দেন গোকর্ণ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সঞ্জিত কুমার দেব এবং চাতলপাড় কলেজের প্রভাষক মনিরুল হোসাইন মনির।

একাডেমিক সুপারভাইজার রহিমা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন চন্দ্র ভট্টাচার্য।

প্রধান অতিথির বক্তব্যে এম. এ. হান্নান এমপি বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক, কর্মমুখী ও সময়োপযোগী করে গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা, সমস্যা সমাধানের দক্ষতা এবং উদ্যোক্তা মনোভাব বিকাশের লক্ষ্যে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

প্রদর্শনীতে অংশগ্রহণকারী দলগুলো তিনজন শিক্ষার্থী ও দুইজন শিক্ষকের সমন্বয়ে গঠিত ছিল। তারা নিজেদের উদ্ভাবনী প্রকল্প ও ধারণা বিচারকদের সামনে উপস্থাপন করেন। প্রদর্শনী শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি) এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে ‘পারফরম্যান্স বেইজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (পিবিজিএসআই) স্কিম’-এর আওতায় দেশব্যাপী ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং ফর সেকেন্ডারি লেভেল স্টুডেন্টস অ্যান্ড টিচার্স’ কর্মসূচি আয়োজন করা হচ্ছে।

এ প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। নাসিরনগর উপজেলার ১৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে তিনজন শিক্ষার্থী ও দুইজন শিক্ষক নিয়ে গঠিত দল উপজেলা পর্যায়ের এ প্রদর্শনীতে অংশ নেয়।

স্টার্টআপ বিভাগে শিক্ষার্থীরা সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে নতুন ব্যবসায়িক ও সেবামূলক ধারণা উপস্থাপন করে। বিজ্ঞান প্রকল্প বিভাগে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন তত্ত্ব ও সূত্রের ব্যবহারিক প্রয়োগভিত্তিক মডেল প্রদর্শন করা হয়। অন্যদিকে ইনোভেশন আইডিয়া বিভাগে মানুষের জীবনকে সহজ, কার্যকর ও প্রযুক্তিনির্ভর করতে বাস্তবসম্মত নতুন উদ্ভাবনী ধারণা তুলে ধরা হয়।