জামালপুরের ইসলামপুর উপজেলায় সরকারি যাকাত ফান্ডের আওতায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ হিসেবে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে উপজেলার ৩৭ জন প্রতিবন্ধীর হাতে হুইলচেয়ার তুলে দেওয়া হয়। ইসলামিক ফাউন্ডেশন ইসলামপুর উপজেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হুইলচেয়ার বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য এ.ই. সুলতান মাহমুদ বাবু।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হোসাইন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, সহ-সভাপতি একেএম শহিদুর রহমান শহীদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়ন এবং তাদের চলাচল সহজ করতে এ ধরনের সহায়ক উপকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমাজের সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের কল্যাণে সরকারি সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।