ফিফা বিশ্বকাপ ফুটবলকে ঘিরে সারা দেশের মতো ব্রাহ্মণবাড়িয়াতেও বইছে ফুটবল উন্মাদনা। বিভিন্ন সড়ক, পাড়া-মহল্লা ও বাসাবাড়িতে শোভা পাচ্ছে অংশগ্রহণকারী দেশগুলোর পতাকা। এরই মধ্যে আখাউড়া উপজেলায় ব্রাজিল দলের প্রতি ভালোবাসার এক ব্যতিক্রমী নিদর্শন স্থাপন করেছেন ফুটবলপ্রেমী রুবেল মিয়া।

উপজেলার ছতুরা-চান্দপুর গ্রামের বাসিন্দা রুবেল মিয়া নিজের বসতবাড়িকে ব্রাজিলের জাতীয় পতাকার আদলে রঙিন করেছেন। শুধু বাড়ির ভবনই নয়, সীমানা দেয়ালেও আঁকিয়েছেন ব্রাজিলের পতাকা ও দেশটির খ্যাতনামা ফুটবলারদের প্রতিকৃতি। পাশাপাশি ভবনের একটি অংশে স্থান পেয়েছে বাংলাদেশের জাতীয় পতাকাও।

স্থানীয়দের ভাষ্য, বাড়িটির ব্যতিক্রমী সাজসজ্জা দেখতে প্রতিদিনই আশপাশের এলাকা ছাড়াও দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা আসছেন। শুধু ব্রাজিল সমর্থক নয়, অন্যান্য দলের সমর্থকরাও বাড়িটির নান্দনিকতা ও ফুটবলপ্রেমের প্রকাশের প্রশংসা করছেন। অনেকের মতে, পুরো উপজেলায় এমন আকর্ষণীয় থিমভিত্তিক বাড়ি আর নেই।

বাড়ির মালিক রুবেল মিয়া বলেন, “ছোটবেলা থেকেই আমি ব্রাজিল দলের সমর্থক। দলের প্রতি ভালোবাসা থেকেই বাড়িটিকে ব্রাজিলের পতাকার আদলে সাজানোর উদ্যোগ নিয়েছি। প্রায় ১৬ দিন ধরে কাজ চলছে। এখন শেষ পর্যায়ে রয়েছে। পুরো কাজে প্রায় দেড় লাখ টাকা ব্যয় হয়েছে।”

স্থানীয়দের ধারণা, বিশ্বকাপ চলাকালে ‘ব্রাজিল বাড়ি’ আখাউড়ার অন্যতম দর্শনীয় স্থানে পরিণত হতে পারে। ফুটবলপ্রেমের এমন ব্যতিক্রমী প্রকাশ এলাকায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।