নাটোরের বাগাতিপাড়া উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় রতন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় উপজেলার বড় বাঘা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রতন নূরপুর চকপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় রতন মোটরসাইকেলযোগে তমালতলা বাজার থেকে বড় বাঘা এলাকার দিকে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।
