টাঙ্গাইলে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত পরিবারের নারীদের আত্মকর্মসংস্থান ও আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে প্রশিক্ষণ শেষে বিনামূল্যে উন্নত জাতের মুরগির বাচ্চা বিতরণ করেছে ব্র্যাক।

বুধবার (১০ জুন) সকালে টাঙ্গাইলের বাঘিল শাখা কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ২৫টি পরিবারের মধ্যে মোট ২৫০টি উন্নত জাতের মুরগির বাচ্চা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মেহেদী হাসান অংশগ্রহণকারী নারীদের মুরগির বৈজ্ঞানিক পালন পদ্ধতি, রোগ প্রতিরোধ, খাদ্য ব্যবস্থাপনা ও টিকাদান বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।

তিনি বলেন, সঠিক পরিচর্যা ও ব্যবস্থাপনার মাধ্যমে হাঁস-মুরগি পালন গ্রামীণ পরিবারের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত আয়ের সুযোগ সৃষ্টি করতে পারে। এর মাধ্যমে নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের এরিয়া ম্যানেজার মো. সাজ্জাদ হোসেন, কৃষি ও বিমা ইউনিটের সম্প্রসারণ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এবং বাঘিল শাখার ব্যবস্থাপক মো. আতিকুল ইসলাম।

আয়োজক সূত্রে জানা যায়, কর্মসূচির আওতায় নির্বাচিত ২৫টি পরিবারের প্রত্যেককে ১০টি করে উন্নত জাতের মুরগির বাচ্চা দেওয়া হয়েছে। পাশাপাশি উপকারভোগীদের প্রয়োজনীয় কারিগরি পরামর্শ ও অনুসরণমূলক সহায়তা প্রদান করা হবে।

ব্র্যাকের কর্মকর্তারা জানান, গ্রামীণ জনগোষ্ঠীর টেকসই অর্থনৈতিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে নারীদের আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি পরিবারে প্রাণিজ আমিষের প্রাপ্যতা বাড়ানো সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে উপকারভোগীদের মধ্যে মুরগির বাচ্চা বিতরণ করা হয়।