ফিফা ফুটবল বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট, স্যুভেনির শিট এবং ডাটা কার্ড উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট, ৫০ টাকা মূল্যমানের খাম-সম্বলিত স্যুভেনির শিট এবং ৫ টাকা মূল্যমানের ডাটা কার্ড প্রকাশ করেন। এ উপলক্ষে একটি বিশেষ সিলমোহরও ব্যবহার করা হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন এবং ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এস এম হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।
এবারের ফিফা বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো ৪৮টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্টটির ২৩তম আসর যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম তিনটি দেশ একসঙ্গে আসরের আয়োজক হয়েছে।
সরকারি সূত্র জানায়, ক্রীড়াঙ্গনের অন্যতম বৃহৎ এ বৈশ্বিক আয়োজনকে স্মরণীয় করে রাখতে ডাক বিভাগ বিশেষ স্মারক প্রকাশনার উদ্যোগ গ্রহণ করেছে।

