কেন্দ্রীয় যুবদলের নবঘোষিত পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে ময়মনসিংহে আনন্দ মিছিল করেছেন ছাত্রদলের সাবেক নেতাকর্মীরা।

বুধবার (১৯ জুন) বিকেলে নগরীর বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে টাউন হল মোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহাবুবুর রহমান রানার নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে ছাত্রদলের সাবেক বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে মাহাবুবুর রহমান রানা বলেন, কেন্দ্রীয় যুবদলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং দলের ঐক্য ও শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা প্রত্যাশা করেন।

বক্তারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

উল্লেখ্য, গত ৪ জুন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আবদুল মোনায়েম মুন্না-কে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন-কে সাধারণ সম্পাদক করা হয়েছে।