বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে হবিগঞ্জ শহরের উচাইল মার্কেট সংলগ্ন পুকুরসহ বিভিন্ন জলাশয় সংরক্ষণ এবং পুরাতন খোয়াই নদীর সীমানা নির্ধারণ ও পুনঃখননের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। কর্মসূচিতে পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সচেতন নাগরিকরা অংশ নেন।

বাপা হবিগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মুনসুর উদ্দিন আহমেদ ইকবালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিদ্দিকী হারুনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, হবিগঞ্জ শহরের বিভিন্ন জলাশয়, বিশেষ করে উচাইল মার্কেট সংলগ্ন পুকুর, ক্রমেই দখল ও ভরাটের ঝুঁকিতে পড়ছে। এসব জলাশয় সংরক্ষণ করা না গেলে পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হওয়ার পাশাপাশি জলাবদ্ধতা, ভূগর্ভস্থ পানির সংকট এবং অন্যান্য পরিবেশগত সমস্যার আশঙ্কা বাড়বে।

বক্তারা আরও বলেন, এক সময়ের গুরুত্বপূর্ণ জলপ্রবাহ পথ পুরাতন খোয়াই নদী দখল ও ভরাটের কারণে তার স্বাভাবিক নাব্যতা ও প্রবাহ হারিয়েছে। নদীর প্রকৃত সীমানা নির্ধারণ, অবৈধ দখল উচ্ছেদ এবং দ্রুত পুনঃখননের মাধ্যমে নদীকে পুনরুজ্জীবিত করার জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

মানববন্ধন থেকে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণ, জলাশয় দখল প্রতিরোধ এবং নদী রক্ষায় দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনা বাস্তবায়নের দাবি জানানো হয়। একই সঙ্গে পরিবেশ সুরক্ষায় সর্বস্তরের জনগণকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।

কর্মসূচি শেষে বাপা হবিগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ তাদের দাবিসংবলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন।