আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া শোকজের জবাবে সন্তুষ্ট নন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তাঁর ভাষ্য, হাসপাতালের ব্যাখ্যায় প্রয়োজনীয় তথ্যের তুলনায় অপ্রাসঙ্গিক বিষয় বেশি স্থান পেয়েছে।
বুধবার (১০ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, “আদ্-দ্বীন হাসপাতালের দেওয়া জবাব আমি পড়েছি। সেখানে প্রয়োজনীয় তথ্যের বাইরে অনেক গল্প-কাহিনি লেখা হয়েছে, যা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।”
তিনি জানান, হাসপাতাল কর্তৃপক্ষ চার থেকে পাঁচ পৃষ্ঠার একটি লিখিত জবাব জমা দিয়েছে। তবে সেই জবাবে সংশ্লিষ্ট বিষয়ে সুস্পষ্ট ও প্রয়োজনীয় ব্যাখ্যার পরিবর্তে অনেক তথ্য অস্পষ্ট ও প্রসঙ্গবহির্ভূত বলে মনে হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “এটি অনেকটা অস্পষ্ট (ভেগ) জবাব। আমি ব্যক্তিগতভাবে এতে সন্তুষ্ট নই। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যালোচনা করছে এবং পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।”
তিনি আরও জানান, এ বিষয়ে অনুষ্ঠিতব্য বৈঠকে বিষয়টি বিস্তারিত আলোচনা করা হবে। বৈঠকের সিদ্ধান্তের ভিত্তিতেই সরকারের পরবর্তী অবস্থান ও প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, শোকজ নোটিশের জবাব এবং সংশ্লিষ্ট অন্যান্য তথ্য-উপাত্ত যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে।
তবে এ বিষয়ে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে সর্বশেষ কোনো নতুন বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
