জাতীয় বাজেট ঘোষণার আগের দিন দেশের বাজারে সোনার দাম উল্লেখযোগ্য হারে কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত কমানো হয়েছে।

বুধবার (১০ জুন) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় দেশের বাজারেও স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা, যা আগের দিনের তুলনায় ৬ হাজার ৫৯০ টাকা কম। মঙ্গলবার এ মানের সোনার দাম ছিল ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা।

নতুন সোনার দাম
২২ ক্যারেট: ২,২২,৭৮২ টাকা প্রতি ভরি
২১ ক্যারেট: ২,১২,৬৩৫ টাকা প্রতি ভরি
১৮ ক্যারেট: ১,৮২,২৫০ টাকা প্রতি ভরি
সনাতন পদ্ধতি: ১,৪৮,৪২৪ টাকা প্রতি ভরি
রুপার দামও কমলো

সোনার পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস।

২২ ক্যারেট রুপা: ৪,৮৯৯ টাকা প্রতি ভরি
২১ ক্যারেট রুপা: ৪,৬৬৬ টাকা প্রতি ভরি
১৮ ক্যারেট রুপা: ৪,০২৪ টাকা প্রতি ভরি
সনাতন পদ্ধতি: ৩,০৩২ টাকা প্রতি ভরি
বাজেটে আসতে পারে নতুন ভ্যাট ব্যবস্থা

আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সোনা ও স্বর্ণালংকারের ওপর বিদ্যমান ভ্যাট কাঠামোতে পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে। বর্তমানে মোট বিক্রয়মূল্যের ওপর ৫ শতাংশ হারে মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হয়।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে শতাংশভিত্তিক ভ্যাটের পরিবর্তে নির্ধারিত অঙ্কের ভ্যাট আরোপের প্রস্তাব বিবেচনা করা হচ্ছে। প্রস্তাব অনুযায়ী, প্রতি ভরি সোনার ওপর ২ হাজার ৫০০ টাকা নির্দিষ্ট ভ্যাট ধার্য করা হতে পারে।

বর্তমান বাজারদরে এক ভরি স্বর্ণালংকারে ১০ হাজার টাকার বেশি ভ্যাট দিতে হয়। নতুন ব্যবস্থা কার্যকর হলে ক্রেতা ও ব্যবসায়ী উভয়ের জন্যই ব্যয় কিছুটা কমতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।