নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ৪ হাজার নিবন্ধিত ও অনিবন্ধিত শিশুর মাঝে শিক্ষা ও স্বাস্থ্যসচেতনতা সহায়ক সামগ্রী বিতরণ করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

মঙ্গলবার দুপুরে পূর্বধলা এরিয়া প্রোগ্রাম (এপি) কার্যালয়ের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে শিশুদের মধ্যে ছাতা, খাতা এবং সাবান বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মফিজুল হক। তিনি বলেন, শিশুদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ, স্বাস্থ্য সচেতনতা এবং জীবনদক্ষতা অর্জনও সমান গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে এবং তাদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখে।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর কর্মকর্তারা জানান, শিশুদের মধ্যে স্বাস্থ্যবিধি চর্চার অভ্যাস গড়ে তোলা, শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং তাদের দৈনন্দিন প্রয়োজনের কিছু সহায়তা প্রদানই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নান্দাইল এরিয়া কো-অর্ডিনেশন অফিসের প্রোগ্রাম কোয়ালিটি স্পেশালিস্ট মো. মবিন উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পূর্বধলা এরিয়া প্রোগ্রামের স্পন্সরশিপ অ্যান্ড চাইল্ড প্রোটেকশন কর্মকর্তা ভজন চিরান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পূর্বধলা এরিয়া প্রোগ্রামের প্রোগ্রাম অফিসার ব্যাবলি রংমা।

এ সময় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় শিক্ষাবিদ, অভিভাবক এবং উপকারভোগী শিশুরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, শিশুদের শিক্ষা ও সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি তাদের সামগ্রিক বিকাশে সহায়তা করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।