নেত্রকোণা সদর উপজেলায় ছেলের শাবলের আঘাতে এক মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে শ্যামল রাজভরকে (২৪) আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) বিকালে সদর উপজেলার চল্লিশা ইউনিয়ন পরিষদসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবুনি রাজভর ওরফে রুকশি (৫০) ওই এলাকার বাসিন্দা এবং শ্যামলাল রাজভরের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চল্লিশা ইউনিয়ন পরিষদের বিপরীত পাশে মগরা নদীর তীরে একটি টিনশেড ঘরে পরিবার নিয়ে বসবাস করতেন আবুনি রাজভর। তার ছেলে শ্যামল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং মানসিক সমস্যায় ভুগছিলেন বলে স্থানীয়দের দাবি।
মঙ্গলবার বিকেলে শ্যামল মায়ের কাছে খাবার চান। তবে ভাত দিতে কিছুটা সময় লাগবে বলে তাকে অপেক্ষা করতে বলেন মা। এতে ক্ষিপ্ত হয়ে শ্যামল ঘরে থাকা একটি লোহার শাবল দিয়ে মায়ের মাথায় আঘাত করেন। আঘাতে গুরুতর আহত আবুনি রাজভর ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পর অভিযুক্ত শ্যামল ঘর থেকে বের হয়ে ইউনিয়ন পরিষদের পাশের একটি দোকানে চা পান করতে যান। তার শরীরে রক্তের দাগ দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা ঘরে গিয়ে আবুনি রাজভরের রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে এলাকাবাসী শ্যামলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
নেত্রকোণা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার জানান, প্রাথমিকভাবে জানা গেছে অভিযুক্ত যুবক মানসিকভাবে বিকারগ্রস্ত। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
