ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকবিরোধী কার্যক্রম এবং গুজব মোকাবিলাসহ বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সরকারি কর্মকর্তা ও স্থানীয় সুধীজনের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ।
মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরীন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি সরকারি উন্নয়ন কর্মকাণ্ডের সুফল তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে দায়িত্বশীল ও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, জনসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং মাদকাসক্তি প্রতিরোধে প্রশাসন, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজকে একযোগে কাজ করতে হবে।
সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদ, নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ রমজান আলী, নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান শাকিল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহিমুল আরেফিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অদিতি রায়, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদ্দাম হোসেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুতুল রানী দাস, দাঁতমণ্ডল এরফানিয়া সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইলিয়াছ মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মোহাম্মদ আবদুল কাদির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে. এম. বসির উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক এ. কে. এম. আমিনুল ইসলাম, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবদুস সাত্তার, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মাহবুবুর রহমান, নাসিরনগর প্রেসক্লাবের সভাপতি আসমত আলী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আখতার হোসেন ভূঁইয়া এবং এনজিও প্রতিনিধি আবু সাঈদ খান।
আলোচনা পর্বে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের কার্যক্রম তুলে ধরেন এবং এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন-সংশ্লিষ্ট বিষয়ে মতামত প্রদান করেন।
সভায় উত্থাপিত বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন জেলা প্রশাসক।
এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
