ময়মনসিংহের ধোবাউড়ায় গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে “গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও বেসরকারি সংস্থার অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন” শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারফ হোসাইন। তিনি গ্রাম আদালতের কার্যকারিতা তুলে ধরে স্থানীয় বিরোধ দ্রুত, সহজ ও কম খরচে নিষ্পত্তির ক্ষেত্রে এ ব্যবস্থার গুরুত্বের ওপর আলোকপাত করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্যসচিব আনিছুর রহমান মানিক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনিছুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাজেদা আরফিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোর্শেদা আক্তার মনি, ট্রাইব্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান প্রিন্স জেমসন দিও এবং গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী হাদি।
কর্মশালায় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বেসরকারি সংস্থার প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বক্তারা গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে এর ব্যবহার বাড়ানো এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
