ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ২৬ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।

মঙ্গলবার বিজিবি-৬০ ব্যাটালিয়ন (সুলতানপুর ব্যাটালিয়ন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কসবা উপজেলার চণ্ডিদ্বার বিওপির একটি টহল দল সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মালিকবিহীন অবস্থায় একটি পিকআপ ভ্যান থেকে ১ হাজার ১০ পিস ভারতীয় উন্নতমানের শাড়ি জব্দ করা হয়।

বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, জব্দ করা শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২৬ লাখ টাকা।

তিনি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার, নারী ও শিশু পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করা হয়।

জব্দকৃত পণ্য ও যানবাহনের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে বিজিবি জানিয়েছে।