‎নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় প্রকাশ্য দিবালোকে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে ফারুক হোসেন (২৭) নামে এক রাজমিস্ত্রি গুলিবিদ্ধ হয়ে  গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

‎​মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের কালামিয়ার পোল এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহত ফারুক একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শরীফপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।


‎​স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ফারুক হাজীপুর ও শরীফপুর ইউনিয়নের সীমান্তবর্তী কালামিয়ার দোকান এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা যোগে ৩-৪ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত সেখানে এসে উপস্থিত হয়। কিছু বুঝে ওঠার আগেই তারা ফারুককে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে।

‎​হামলায় ফারুকের তলপেট ও হাঁটুতে গুলি লাগলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার পরপরই হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে গুলির শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং তাৎক্ষণিকভাবে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

‎​ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী বলেন,
‎​আহত ফারুকের তলপেট ও হাঁটুতে গুলির আঘাত রয়েছে। তবে অস্ত্রোপচার ও প্রাথমিক চিকিৎসার পর বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
‎‎​
‎​বিষয়টি নিশ্চিত করে বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুজ্জামান বলেন, “সন্ত্রাসীরা ওই যুবককে আকস্মিক গুলি করে পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্থানীয় কোনো গ্যাং বা কিশোর গ্যাংয়ের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটতে পারে।”

‎​তিনি আরও জানান, ঘটনার সাথে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক টিম ইতিমধ্যে অভিযানে নেমেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।