নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পুলিশের একটি চেকপোস্টে তল্লাশিকালে তিনটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি ও তিনটি ম্যাগাজিনসহ মো. রাহিম (২১) নামে এক যুবককে আটক করা হয়েছে।

সোমবার (৮ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার গোপালপুর-বাংলাবাজার সড়কের বায়তুন নূর জামে মসজিদ সংলগ্ন পুলিশ চেকপোস্টে এ ঘটনা ঘটে।

আটক রাহিম গোপালপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বসন্তবাগ এলাকার বাসিন্দা এবং জসিম উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেগমগঞ্জ থানার উদ্যোগে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। এরই অংশ হিসেবে গোপালপুর-বাংলাবাজার সড়কে একটি চেকপোস্ট বসানো হয়।

বেগমগঞ্জে তিনটি বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

পুলিশের দাবি, সন্ধ্যায় একটি মোটরসাইকেলে করে রাহিম চেকপোস্ট অতিক্রম করার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় তার কোমরে লুকানো অবস্থায় তিনটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি এবং তিনটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পাশাপাশি ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, সন্দেহজনক গতিবিধির কারণে ওই ব্যক্তিকে তল্লাশি করা হয়। তল্লাশির সময় তার কাছ থেকে অস্ত্র, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্রগুলোর উৎস এবং সেগুলো কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।