কেন্দ্রীয় যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে ময়মনসিংহ মহানগর যুবদল আনন্দ মিছিল করেছে।

সোমবার (৮ জুন) বিকেলে নগরীর নতুনবাজার এলাকায় দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু। এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন, মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিন, যুবদল নেতা রনি পাঠান, মিনহাজুল আবেদীন রাসুসহ দলীয় নেতাকর্মীরা।

মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা কেন্দ্রীয় যুবদলের নবঘোষিত পূর্ণাঙ্গ কমিটিকে অভিনন্দন জানান। তারা আশা প্রকাশ করেন, নতুন কমিটি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে এবং তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রম শক্তিশালী করতে ভূমিকা রাখবে।

এ সময় নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি শুভেচ্ছা ও সমর্থন জানান এবং সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।