তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত খেটে খাওয়া ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে ছাতা, বিশুদ্ধ পানি, হাতপাখা ও মাস্ক বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-র টাঙ্গাইল ইউনিট।
সোমবার (৮ জুন) সকালে টাঙ্গাইল জেলা পরিষদ কার্যালয়ের সামনে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির, যিনি টাঙ্গাইল রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক জিয়াউল হক শাহিন, ভাইস চেয়ারম্যান সাদিকুল আলম খোকা, নির্বাহী সদস্য শাহিন আকন্দ ও শামসুর রহমান চৌধুরী শিবলুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, চলমান তাপপ্রবাহে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা শ্রমজীবী ও পথচারীদের সহায়তার উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় শতাধিক ব্যক্তির মধ্যে ছাতা, বিশুদ্ধ পানি, হাতপাখা ও মাস্ক বিতরণ করা হয়।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপমাত্রা বৃদ্ধির ফলে জনস্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। এ পরিস্থিতিতে সচেতনতার পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রমও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
রেড ক্রিসেন্টের পক্ষ থেকে জানানো হয়, প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ুজনিত সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
