আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম দুই মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে প্রত্যাশার চেয়ে শক্তিশালী কর্মসংস্থান তথ্য প্রকাশের পর দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার উচ্চ পর্যায়ে ধরে রাখতে পারে—এমন আশঙ্কায় নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা কিছুটা কমেছে।

সোমবার স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০.৯ শতাংশ কমে ৪,২৯০.৬৬ ডলারে দাঁড়ায়, যা গত ২৩ মার্চের পর সর্বনিম্ন। এর আগে শুক্রবারও স্বর্ণের দর ৩ শতাংশের বেশি পতন হয়েছিল।

Advertisement

একই সময়ে আগস্ট সরবরাহের মার্কিন স্বর্ণ ফিউচারের দাম ১.১ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৩১৫.৪০ ডলারে নেমে আসে।

বাজার বিশ্লেষকদের মতে, শক্তিশালী কর্মসংস্থান তথ্য যুক্তরাষ্ট্রের অর্থনীতির স্থিতিশীলতার ইঙ্গিত দিচ্ছে। ফলে ফেডারেল রিজার্ভের দ্রুত সুদহার কমানোর সম্ভাবনা কমে গেছে। উচ্চ সুদের হার সাধারণত স্বর্ণের জন্য নেতিবাচক, কারণ স্বর্ণ থেকে কোনো সুদ বা মুনাফা পাওয়া যায় না। ফলে বিনিয়োগকারীরা সুদবহনকারী সম্পদের দিকে ঝুঁকে পড়েন।

অন্যদিকে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার জেরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে, যা বৈশ্বিক মূল্যস্ফীতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। তবে ভূরাজনৈতিক ঝুঁকি বাড়লেও আপাতত মার্কিন মুদ্রানীতির প্রভাব স্বর্ণবাজারে বেশি প্রাধান্য পাচ্ছে।

বিশ্লেষকদের ধারণা, আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি, শ্রমবাজার এবং ফেডারেল রিজার্ভের নীতিগত অবস্থান স্বর্ণের দামের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সূত্র: রয়টার্স।