ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে।
সোমবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মজর মিয়াপাড়ার মুন্সি আরশ আলী (৭০), তার নাতি আলিফ মিয়া (১০), হবিগঞ্জের মাধবপুর উপজেলার কাটিয়ারা গ্রামের মৌসুমী দাস (৩৫) এবং নবীনগর উপজেলার ইব্রাহিমপুর এলাকার তনয় মজুমদার (২৩)।
পুলিশ জানিয়েছে, হবিগঞ্জের মাধবপুর বাসস্ট্যান্ড থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরের উদ্দেশে ছেড়ে আসা দিগন্ত পরিবহনের একটি লোকাল বাস (নম্বর: ব্রাহ্মণবাড়িয়া থ-১১-০০৫৫) বৈশামোড়া এলাকায় একটি ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল-এ ভর্তি করা হয়।
আহতদের মধ্যে কয়েকজনের নাম হাসপাতাল কর্তৃপক্ষের রেজিস্ট্রারে পাওয়া গেছে বলে জানা গেছে। তারা হলেন সুখি বেগম (৩৫), নূর আলম (১৫), আরাফাত (২৩), মারুফা বেগম (৩৩), অজ্ঞাতনামা একজন (৭৫), মো. মোমিন মিয়া (৬৫), বিলকিছ বেগম (২৭), রিক্তা বেগম (৩৫), শিশু আজমাইন (৭), আজিম (২), রফিকুল ইসলাম (৩০) ও খায়রুল আলম (১৬)।
এ বিষয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল বাতেন বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে চারজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয় বলে স্থানীয়রা জানান।
