ফিজিওথেরাপি পেশায় অবদান এবং নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ ‘উইমেনস লিডারশিপ ২০২৬’ স্টার অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন ডা. রোকসানা আক্তার। তিনি ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেস-এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের (বিপিএ) বার্ষিক সাধারণ সভা ও সম্মাননা অনুষ্ঠানে তাঁকে এ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ এবং ফিজিওথেরাপি পেশার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সহকর্মীরা জানান, ফিজিওথেরাপি শিক্ষা ও পেশার উন্নয়ন এবং নারী নেতৃত্ব বিকাশে ডা. রোকসানা আক্তার দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। তাঁর এই স্বীকৃতি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ও পেশাজীবীদের জন্য উৎসাহব্যঞ্জক বলে তারা মনে করেন।

পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় ডা. রোকসানা আক্তার ফিজিওথেরাপি শিক্ষার মানোন্নয়ন, গবেষণা কার্যক্রম সম্প্রসারণ এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁর এ অর্জনে অভিনন্দন জানানো হয়েছে এবং ভবিষ্যতেও পেশাগত ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে তাঁর নেতৃত্ব অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়েছে।