দেশে হামের সংক্রমণ ও এর উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে নিশ্চিত হামে এবং বাকি সাতজন মারা গেছে হামের উপসর্গ নিয়ে।

স্বাস্থ্য অধিদপ্তরের সোমবার প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, এ নিয়ে দেশে হামে ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬২৮ জনে। এর মধ্যে ৯২ জনের মৃত্যু নিশ্চিত হামে এবং ৫৩৬ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

গত এক দিনে ঢাকা বিভাগে হামে আক্রান্ত হয়ে একজন শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে উপসর্গজনিত মৃত্যুর মধ্যে ঢাকা বিভাগে দুজন এবং রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুর বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।

এ সময় নতুন করে ৯৩ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। ফলে দেশে মোট নিশ্চিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৭৭৯ জনে।

একই সময়ে আরও ১ হাজার ৯২ শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর ফলে সন্দেহভাজন সংক্রমণের মোট সংখ্যা বেড়ে ৮০ হাজার ১০৪ জনে পৌঁছেছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কর্মসূচির আওতা বৃদ্ধি, দ্রুত রোগ শনাক্তকরণ এবং ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ নজরদারি ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়তে পারে। তারা অভিভাবকদের শিশুদের নির্ধারিত টিকা নিশ্চিত করার পাশাপাশি জ্বর, র‍্যাশ বা হামের অন্যান্য উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।