ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় পৃথক দুটি দুর্ঘটনায় দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (৭ জুন) উপজেলার কাশিমপুর ও তারাটি ইউনিয়নে এসব ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কাশিমপুর ইউনিয়নের রঘুনাথপুর মধ্যপাড়া গ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো আনোয়ার হোসেনের ছেলে মো. হোসাইন (৬) এবং সাকিবের মেয়ে মারিয়াম (৫)।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, দুপুরে বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল হোসাইন ও মারিয়াম। একপর্যায়ে তারা সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করে পুকুর থেকে উদ্ধার করেন। দ্রুত মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, একই দিন উপজেলার তারাটি ইউনিয়নের কলাকান্দা গ্রামে মাটিচাপায় নিজাম (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের মতে, বিকেলে একটি পুকুরে ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলনের কাজ চলাকালে হঠাৎ পাড় ধসে নিজামের ওপর পড়ে। পরে সহকর্মীরা উদ্ধারকাজ চালিয়ে তাকে মাটির নিচ থেকে বের করেন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানান।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, “পৃথক দুই ঘটনায় তিনজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।”

পৃথক এসব দুর্ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।