হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সৌদি আরবপ্রবাসী এক ব্যক্তির স্ত্রী ও ছেলের কাছ থেকে নগদ ৪ লাখ ৬৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। রোববার (৭ জুন) দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলার উবাহাটা ইউনিয়নের নতুন ব্রিজ এলাকার হুছাইনিয়া মাদ্রাসা-সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা হলেন চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের সৌদি প্রবাসী ফরিদ মিয়ার স্ত্রী রাহেলা জেসমিন এবং তার ছেলে ফেরদৌস ফাহিম (১৬)।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রাহেলা জেসমিন ও তার ছেলে স্থানীয় একটি ব্যাংক থেকে ৪ লাখ ৬৫ হাজার টাকা উত্তোলন করে বাড়ি ফিরছিলেন। পথে নতুন ব্রিজ এলাকার হুছাইনিয়া মাদ্রাসার পাশের সড়কে পৌঁছালে একটি মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি তাদের গতিরোধ করে।

ভুক্তভোগীদের দাবি, এ সময় মোটরসাইকেল থেকে নেমে দুই ব্যক্তি ধারালো অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখান এবং তাদের কাছে থাকা টাকার ব্যাগ নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

রাহেলা জেসমিন বলেন, “ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হই। বাসার কাছাকাছি পৌঁছালে একটি মোটরসাইকেলে তিনজন এসে আমাদের পথরোধ করে। তারা আমার ছেলেকে ভয় দেখিয়ে টাকার ব্যাগ নিয়ে চলে যায়।”

ঘটনার খবর পেয়ে বিকেলে চুনারুঘাট থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশের একটি দল স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে এবং ঘটনার বিভিন্ন তথ্য সংগ্রহ করে।

চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) আল-আমিন মীর বলেন, “ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে। সম্ভাব্য ছিনতাইকারীদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।”

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করতে তদন্ত অব্যাহত রয়েছে।