ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়া এলাকার একটি বাড়িতে সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালিয়ে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ইয়াবা ট্যাবলেট, নগদ টাকা, ভিডিও রেকর্ডার ও মোবাইল ফোন জব্দ করা হয়। তবে অভিযানের সময় ওই নারীর স্বামী পালিয়ে যান।

শনিবার রাতে শহরের মধ্যপাড়া শান্তিবাগ এলাকার জুবলী রোডে অভিযান চালিয়ে শিপা বেগম (৩৯) নামে এক নারীকে গ্রেপ্তার করে সদর মডেল থানা পুলিশ। তার স্বামী মো. জিয়ামিন (৪২) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯টার দিকে একটি আভিযানিক দল জুবলী রোড এলাকায় অবস্থিত জিয়ামিনের বাড়িতে অভিযান চালায়। তল্লাশিকালে ঘর থেকে ২০টি ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ২১ হাজার ৫২০ টাকা, একটি সিসি ক্যামেরার ভিডিও রেকর্ডার এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশের দাবি, বাড়িটির বাইরে স্থাপিত একাধিক সিসি ক্যামেরার মাধ্যমে আশপাশের গতিবিধি পর্যবেক্ষণ করা হতো। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, পুলিশের চলাচল নজরদারির উদ্দেশ্যে এসব ক্যামেরা ব্যবহার করা হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় শিপা বেগম ও পলাতক জিয়ামিনের বিরুদ্ধে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

তিনি আরও জানান, পলাতক জিয়ামিনের বিরুদ্ধে মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ছবির ক্যাপশন: ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা সিসি ক্যামেরার ভিডিও রেকর্ডার।