ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের খারুয়া বাজারে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাটের ঘটনার চার দিন পর জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করেছে প্রশাসন। রোববার (৭ জুন) বিকেল সাড়ে ৩টায় এ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

১৪৪ ধারা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত। তিনি জানান, পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বিকেল সাড়ে ৩টা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে এবং সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক করা হয়েছে।

এদিকে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় দুই পক্ষের ৭০ জনের নাম উল্লেখসহ আরও ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলার পর থেকে গ্রেপ্তার আতঙ্কে এলাকার অনেক বাসিন্দা বাড়িঘর ছেড়ে অন্যত্র অবস্থান করছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকাল থেকে আব্দুর রউফ ও শওকত আলীর মধ্যে জমির সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে ধাওয়া-পাল্টাধাওয়া, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৮ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। পরে অতিরিক্ত পুলিশ, র‍্যাব-১৪ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। একই দিন দুপুর সাড়ে ১২টা থেকে খারুয়া বাজার ও আশপাশের এলাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়।

নিষেধাজ্ঞার কারণে কয়েকদিন ধরে খারুয়া বাজারের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল এবং জনসাধারণের চলাচল সীমিত হয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, মামলায় বিপুলসংখ্যক আসামি করায় গ্রেপ্তারের ভয়ে অনেক পুরুষ রাতে এলাকায় অবস্থান করছেন না।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, “সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের ৭০ জনের নাম উল্লেখ করে এবং আরও ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করা হয়েছে। তদন্তের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশি নজরদারি অব্যাহত আছে।