রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা মামলার বহুল প্রতীক্ষিত রায় আজ ঘোষণা করা হবে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত আলোচিত এ মামলার রায় দেবেন।

রায় ঘোষণাকে কেন্দ্র করে প্রধান আসামি সোহেল রানাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার এবং সহ-আসামি স্বপ্না আক্তারকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার আদালতে আনা হয়েছে। বর্তমানে তাদের আদালতের হাজতখানায় রাখা হয়েছে।

মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে সকালে পল্লবীর বাসা থেকে বের হওয়ার পর দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসাকে প্রতিবেশী স্বপ্না আক্তার কৌশলে নিজের কক্ষে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে মেয়েকে খুঁজতে গিয়ে রামিসার মা আসামিদের কক্ষের সামনে তার জুতা দেখতে পান। কোনো সাড়া না পেয়ে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্বপ্নাকে আটক করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে প্রধান আসামি সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার পরদিন ২০ মে রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তারের পর সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

মামলাটি দ্রুত নিষ্পত্তির নজির স্থাপন করেছে। তদন্ত কর্মকর্তা এসআই অহিদুজ্জামান ঘটনার মাত্র পাঁচ দিনের মাথায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে ১ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলায় তালিকাভুক্ত ১৮ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হওয়ার পর আদালত রায়ের জন্য দিন ধার্য করেন।