ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বর্জ্য ডাম্পিং স্টেশন স্থানান্তরের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা। পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্য ঝুঁকির অভিযোগ তুলে তারা দ্রুত ডাম্পিং স্টেশনটি আবাসিক এলাকা থেকে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন।
শুক্রবার বিকেলে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ছয়বাড়িয়া এলাকায় অবস্থিত ডাম্পিং স্টেশনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
স্থানীয়দের অভিযোগ, পৌরসভার দৈনন্দিন বর্জ্য দীর্ঘদিন ধরে ছয়বাড়িয়া এলাকার ডাম্পিং স্টেশনে ফেলা হচ্ছে। ফলে দুর্গন্ধ, মাছির উপদ্রব এবং পরিবেশ দূষণে এলাকার বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলে তারা দাবি করেন।
মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা, স্থানীয় বাসিন্দা মো. শাহীন, সাজেদুল ইসলাম, মুফতি নুরুল আমিন, ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার প্রতিষ্ঠাতা শেখ আরিফ বিল্লাহ আজিজি, ইসলামী শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক মহব্বত আলী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমানসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, আবাসিক এলাকার পাশে দীর্ঘদিন ধরে বর্জ্য সংরক্ষণের কারণে পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। তারা দ্রুত বিকল্প স্থানে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়ার জন্য পৌর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
সমাবেশ থেকে আগামী এক মাসের মধ্যে ডাম্পিং স্টেশন স্থানান্তরের দাবি জানানো হয়। দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নিলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
