ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকার পুনিয়াউট রেলক্রসিং সংলগ্ন একটি পুকুরপাড়ের ঝোপ থেকে একটি দেশীয় পিস্তল উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব-৯, সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে র‌্যাব-৯-এর সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল পুনিয়াউট এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় পিস্তলটি উদ্ধার করা হয়। তবে অস্ত্রটির সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

উদ্ধারকৃত অস্ত্রটি প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সাধারণ ডায়েরি (জিডি) মূলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাবের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে এ পর্যন্ত সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়াসহ দায়িত্বপূর্ণ এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে ৪৬টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ৬টি ম্যাগাজিন, প্রায় ৩৫ কেজি বিস্ফোরক, ২১৬টি ডেটোনেটর, একটি সাউন্ড গ্রেনেড, পাঁচটি পেট্রোলবোমা, ১১টি ককটেল এবং ১৪৯টি এয়ারগান উদ্ধার করা হয়েছে।