বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও সম্ভাব্য ‘পুশ ইন’ প্রতিরোধে টহল ও নজরদারি জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে সার্বক্ষণিক পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে বাহিনীটি।

শুক্রবার (৫ জুন) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ডের দায়িত্বাধীন সীমান্তবর্তী অঞ্চলে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল কার্যক্রম এবং নজরদারি আরও জোরদার করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোস্ট গার্ডের দায়িত্বপূর্ণ বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় কোনো পুশ ইন ঘটনার তথ্য পাওয়া যায়নি।

সাব্বির আলম সুজন জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার কিংবা যেকোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় কোস্ট গার্ড অন্যান্য আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে। পুশ ইন প্রতিরোধে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, সুন্দরবনসহ সীমান্তসংলগ্ন বিভিন্ন এলাকায় গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। একই সঙ্গে ড্রোন সারভেইলেন্স এবং আধুনিক প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ ব্যবস্থার ব্যবহারও জোরদার করা হয়েছে, যাতে সন্দেহজনক কোনো গতিবিধি দ্রুত শনাক্ত করা যায়।

কোস্ট গার্ড সাধারণ জনগণকে এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছে। কোনো পুশ ইন বা অবৈধ অনুপ্রবেশ সংক্রান্ত তথ্য পাওয়া গেলে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।