ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলে সহ ৪জন নিহত হয়েছেন। শুক্রবার সকাল কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার বিয়ালিশ্বর ও ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বাড়িউড়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
বিয়াল্লিশ্বর এলাকায় নিহতরা হলেন- অটোরিকশা চালক মাহবুব-(৪৫), অটোরিকশা যাত্রী জোসনা- বেগম (৪০) ও তার শিশুপুত্র আশরাফুল-(৫)। এ ঘটনায় আহত হয়েছেন জোসনার স্বামী কাউসার (৫০) ও তার মেয়ে আদিবা-(৪)।
তাদের বাড়ি জেলার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে। আহতদের প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার সকালে কাউসার তার স্ত্রী সন্তানদের নিয়ে সিএনজিচালিত অটোরিকসাযোগে কসবা থেকে সরাইল উপজেলার বিশ্বরোড যাওয়ার পথে অটোরিকসাটি সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশ্বর এলাকায় পৌছলে পেছন থেকে মাছভর্তি একটি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকসার যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল নিয়ে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষনা করে।
এদিকে শুক্রবার সকালে সরাইল থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা হবিগঞ্জ জেলার মাধবপুর যাওয়ার পথে সরাইল উপজেলার বাড়িউড়া এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকসা যাত্রী ওলি মিয়া-(৫৫) নামে এক ব্যক্তি নিহত হন। নিহত ওলি মিয়া জেলার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বড়ইবাড়ি গ্রামের মৃত ইদন মিয়ার ছেলে।
এ ব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু তাহের জানান, বিয়াল্লিশ্বর এলাকার দুর্ঘটনার পরপরই ঘাতক পিকআপ ভ্যানচালক ও সহযোগি পালিয়ে যায়। বাড়িউড়ার দুর্ঘটনায় প্রাইভেটকারটি পুলিশ হেফাজতে রয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ ৪ জন নিহত