২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর মাত্র এক সপ্তাহ আগে বাংলাদেশের কোটি কোটি ফুটবলপ্রেমীর জন্য স্বস্তির খবর এসেছে। দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটিয়ে দেশের তিনটি টেলিভিশন চ্যানেল বিশ্বকাপের অফিসিয়াল সম্প্রচার স্বত্ব অর্জন করেছে।

বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি সংবাদভিত্তিক চ্যানেল সময় টেলিভিশন। পাশাপাশি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক টেলিভিশন চ্যানেল টি-স্পোর্টসেও বিশ্বকাপের ম্যাচ উপভোগ করতে পারবেন দর্শকরা।

Advertisement

জানা গেছে, এই তিনটি টেলিভিশন চ্যানেল যৌথ কনসোর্টিয়াম গঠন করে সরাসরি ফিফার কাছ থেকে বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে।

এর আগে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ‘স্প্রিংবক প্রাইভেট লিমিটেড’ বাংলাদেশের জন্য সম্প্রচার অধিকার কিনেছিল। তবে দেশীয় বাজারে সেই স্বত্ব বিক্রি করতে ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠানটি চুক্তি থেকে সরে দাঁড়ায়। ফলে বিশ্বকাপ শুরু হওয়ার দুই সপ্তাহেরও কম সময় আগে বাংলাদেশে কোনো আনুষ্ঠানিক সম্প্রচারকারী প্রতিষ্ঠান ছিল না।

এ পরিস্থিতি সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। তাদের উদ্যোগে বিভিন্ন ক্রীড়া চ্যানেল, জাতীয় গণমাধ্যম, টেলিকম অপারেটর এবং ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে সমন্বয় করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ডিজিটাল ও টেলিকম খাতে নতুন আয়ের উৎস ব্যবহারের মাধ্যমে সম্প্রচার স্বত্ব নিশ্চিত করা হয়েছে, যা বাংলাদেশের আগের কোনো বিশ্বকাপ আয়োজনের সময় দেখা যায়নি।

এদিকে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিটিভির জন্য এবারের বিশ্বকাপ সম্প্রচারে কোনো অতিরিক্ত আর্থিক ব্যয় থাকছে না। সম্প্রচারের পুরো খরচ যৌথভাবে বহন করবে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ও টেলিকম অপারেটররা।