বিশ্বকাপ শুরুর আর এক সপ্তাহও বাকি নেই। এমন সময়ে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দল চূড়ান্ত প্রস্তুতি চালিয়ে গেলেও স্কোয়াড নিয়ে উদ্বেগ বাড়ছে। একাধিক গুরুত্বপূর্ণ ফুটবলারের ইনজুরির কারণে শেষ মুহূর্তে দলে পরিবর্তন আনার সম্ভাবনা তৈরি হয়েছে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মিডফিল্ডার নিকো পাজ এখনও পুরোপুরি সুস্থ না হওয়ায় তার বিকল্প হিসেবে অ্যাস্টন ভিলার এমিলিয়ানো বুয়েন্দিয়াকে দলে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করছে কোচিং স্টাফ। এ কারণে বুয়েন্দিয়াকে দীর্ঘ ছুটিতে না যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানা গেছে।

Advertisement

অন্যদিকে, কোমো ১৯০৭-এর হয়ে খেলা নিকো পাজ হাঁটুর চোট থেকে এখনো পুরোপুরি সেরে উঠতে পারেননি। তিনি বিশেষ চিকিৎসা গ্রহণ করছেন, ফলে বিশ্বকাপে তার অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।

শুধু নিকো পাজই নন, ইনজুরির তালিকায় রয়েছেন দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। অধিনায়ক লিওনেল মেসি হ্যামস্ট্রিং সমস্যার কারণে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন। গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ ডান হাতের আঙুলের চোটে ভুগছেন, যা তার নিয়মিত অনুশীলনে বাধা সৃষ্টি করছে।

রক্ষণভাগেও রয়েছে দুশ্চিন্তা। গনজালো মন্তিয়েল ও নাহুয়েল মলিনা দুজনই পেশির চোটে আক্রান্ত হওয়ায় ডান প্রান্তের রক্ষণ দুর্বল হয়ে পড়েছে। এছাড়া মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসও হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন।

কোচ লিওনেল স্কালোনি ও তার সহকারীরা বর্তমানে ইনজুরিগ্রস্ত খেলোয়াড়দের অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ৬ জুন হন্ডুরাস এবং ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা।

এই দুটি ম্যাচকে বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে। আর্জেন্টিনা তাদের প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলবে ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে।