ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের চেকপোস্টে মোটর সাইকেল তল্লাশিকালে একটি দেশীয় এলজি বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ সহ সিদ্দিকুর রহমান (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে উপজেলার ইটাখোলা-আকানগর রোডে এই ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত সিদ্দিকুর রহমান জেলার নবীনগর উপজেলার নুরজাহানপুর গ্রামের আতিকুর রহমানের ছেলে।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন জানান, ইটাখোলা-আকানগর রোডে পুলিশের নিয়মিত চেকপোস্ট চলছিল। এসময় একটি মোটরসাইকেলে তিনজন যুবক আসছিল, মোটর সাইকেলটি চেকপোস্ট দেখে ঘুরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ধাওয়া দিলে মোটর সাইকেল ফেলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একজনকে গ্রেপ্তার করা হয়। বাকী দুই যুবক পালিয়ে যায়। আটক যুবকের কোমড় তল্লাশি করে একটি এলজি বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ পাওয়া যায়।
তিনি আরও জানান, পালিয়ে যাওয়া দুই যুবকের পরিচয় পাওয়া গেছে। এই ঘটনা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাঞ্ছারামপুরে এলজি বন্দুক ও কার্তুজ সহ যুবক গ্রেপ্তার