ঝালকাঠি শহরে বৈধতার তোয়াক্কা না করেই দাপিয়ে বেড়াচ্ছে শত শত অটোরিকশা। পৌরসভার তথ্য অনুযায়ী বৈধ অটোরিকশার সংখ্যা ১,৩৫০টি হলেও রাস্তায় চলছে এর দ্বিগুণেরও বেশি যানবাহন। এর বড় অংশই অবৈধ ও মেয়াদোত্তীর্ণ। এতে শহরজুড়ে তীব্র যানজটের পাশাপাশি জনভোগান্তি ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

শহরের ব্যস্ততম কালিবাড়ি সড়ক, সাধনার মোড়, ফায়ার সার্ভিস মোড়, সদর ও চাঁদকাঠি চৌমাথাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে দিনভর যানজট লেগে থাকে। লাইসেন্সবিহীন ও অপ্রশিক্ষিত চালকদের কারণে অনেক অটোরিকশা নিয়ন্ত্রণহীনভাবে চলাচল করছে বলে অভিযোগ স্থানীয়দের।

ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অফিসগামী কর্মজীবী এবং সাধারণ পথচারীরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন। অনেকের অভিযোগ, অবৈধ যানবাহনের সংখ্যা বাড়লেও তা নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি যথেষ্ট নয়।

স্থানীয়রা প্রশ্ন তুলছেন, পৌরসভা ও ট্রাফিক পুলিশের নজর এড়িয়ে কীভাবে এত বিপুল সংখ্যক অবৈধ অটোরিকশা নিয়মিত রাস্তায় চলাচল করছে। তারা নিয়মিত অভিযান পরিচালনা করে লাইসেন্সবিহীন যান ও চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ঝালকাঠি পৌর প্রশাসক কাওছার হোসেন বলেন, বর্তমানে অভিযান কিছুটা শিথিল থাকায় শহরে অটোরিকশার সংখ্যা বেড়েছে। যেসব যানবাহনের রেজিস্ট্রেশন নেই, সেগুলো বন্ধে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, মাঝে মাঝে অভিযান চালানো হলেও তা কার্যকর না হওয়ায় অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য থেকে যাচ্ছে আগের মতোই।