ধর্ষণ প্রতিরোধ, নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন।

“ধর্ষণে ভুক্তভোগীর পাশে দাঁড়াই, অপরাধীকে বয়কট করি” এবং “আমি প্রতিবাদী, আমি সচেতন, আমি চুপ থাকব না”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত সভায় ধর্ষণ প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং প্রশাসনের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওসার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেনহাজ, জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

আলোচনায় বক্তারা বলেন, ধর্ষণসহ নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; প্রয়োজন সামাজিক মূল্যবোধের বিকাশ, পারিবারিক শিক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধি। অপরাধীদের প্রতি সামাজিকভাবে অসহিষ্ণু মনোভাব গড়ে তোলার পাশাপাশি ভুক্তভোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী ও তার পরিবারকে সামাজিকভাবে হেয় না করে তাদের পাশে দাঁড়ানো এবং দ্রুত আইনি ও মানসিক সহায়তা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে যেকোনো ধরনের সহিংসতা ও নির্যাতনের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা।

সভায় অংশগ্রহণকারীরা নারী ও শিশু নির্যাতনমুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।