জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় তীব্র গরমে হিটস্ট্রোকে বালি বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার জোড়খালী ইউনিয়নের কুকুরমারি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বালি বেগম ওই এলাকার মৃত ইমান আলী প্রামাণিকের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বাড়ির পাশে খড় শুকানোর কাজ করছিলেন বালি বেগম। এ সময় প্রচণ্ড রোদের মধ্যে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনরা দ্রুত তাকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মেহেজাবীন রশীদ তিন্নী জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, “তীব্র গরমে হিটস্ট্রোকে মৃত্যুর ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ সময়ে সবাইকে সতর্ক থাকতে হবে এবং অপ্রয়োজনে রোদে কাজ করা থেকে বিরত থাকতে হবে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
