ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য, বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এবং জেলা বিএনপির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, বর্তমান সরকার বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।
তিনি বুধবার দুপুরে শহরের সুরসম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণে জেলা পরিষদের অর্থায়নে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী শ্যামল বলেন, সমাজে অনেক মেয়ের অল্প বয়সে বিয়ে হয়ে যায়। কিন্তু তাদের জন্য যদি কর্মসংস্থানের সুযোগ তৈরি করা যায়, তাহলে তারা স্বাবলম্বী হতে পারবে এবং সামাজিক অবস্থান আরও শক্তিশালী হবে।
তিনি বলেন, কর্মজীবী নারীরা পরিবারে অর্থনৈতিকভাবে অবদান রাখলে সংসারে স্থিতিশীলতা আসে। নারীদের স্বাবলম্বী করে তুলতে দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ কার্যক্রম আরও বিস্তৃত করা প্রয়োজন।
তিনি আরও জানান, জেলা পরিষদের উদ্যোগে ৭০ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এই সহায়তার মাধ্যমে উপকারভোগীরা নিজেদের আয়-রোজগারের সুযোগ সৃষ্টি করতে পারবেন।
অনুষ্ঠানে তিনি ব্রাহ্মণবাড়িয়ায় নারীদের জন্য একটি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ওবায়দুর রহমান, জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম এবং ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন।
স্বাগত বক্তব্য দেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাদির মিয়া। শুভেচ্ছা বক্তব্য দেন নারী উদ্যোক্তা লায়লা সুলতানা।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ৭০ জন নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন।
