ব্রাহ্মণবাড়িয়া শহরের উত্তর মৌড়াইলের বাসিন্দা ও অধুনালুপ্ত জাতীয় দৈনিক আজাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি সাংবাদিক এস.এম. জামিল পাভেল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত মঙ্গলবার বিকেলে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, তিন বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
বুধবার জোহরের নামাজের পর উত্তর মৌড়াইল কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। পরে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজা পূর্বে অনুষ্ঠিত শোকসভায় মরহুমের কর্মময় জীবনের স্মৃতিচারণ করা হয় এবং তার আত্মার মাগফিরাত কামনা করা হয়। এ সময় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান বক্তারা।
সভায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, সাবেক সভাপতি খ. আ. ম. রশীদুল ইসলাম এবং সাবেক সহ-সভাপতি সৈয়দ মো. আকরাম।
জানাজায় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
