শাখা ডাকঘর কর্মচারীদের ৯ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী ৮ জুন ঢাকায় ঘোষিত আমরণ অনশন কর্মসূচি সফল করতে নীলফামারীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ জুন) বিকেলে নীলফামারী প্রধান ডাকঘর প্রাঙ্গণে বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদ, নীলফামারী জেলা শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের সহ-সভাপতি হোসেইন সেলিম রেজা।
জেলা শাখার আহ্বায়ক জিকরুল হক-এর সভাপতিত্বে সভা পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব জামিল আহমেদ।
এ সময় বক্তব্য দেন শাখা পোস্টমাস্টার আকরাম খান, রেজওয়ান আহমেদ, ওয়াহেদুল ইসলাম ও আনিসুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় জানানো হয়, আগামী ৮ জুন ঢাকায় ডাকঘর ভবনের সামনে ৯ দফা দাবি বাস্তবায়নের দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করা হবে। এতে দেশের বিভিন্ন জেলার কর্মীদের পাশাপাশি নীলফামারী জেলার ১০৭টি শাখা ডাকঘরের কর্মচারীরাও অংশ নেবেন।
প্রধান অতিথির বক্তব্যে হোসেইন সেলিম রেজা বলেন, ইউনিয়ন পর্যায়ে শাখা ডাকঘরের কর্মীরা দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে রাষ্ট্রীয় সেবা প্রদান করে আসছেন। কিন্তু তারা এখনো বেতন কাঠামো, উৎসব ভাতা, বোনাস ও অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তাদের কর্মপরিবেশ ও জীবনমান উন্নয়নে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
সদস্য সচিব জামিল আহমেদ বলেন, শাখা ডাকঘরের কর্মীরা বর্তমানে অতি সামান্য সম্মানীর বিনিময়ে দায়িত্ব পালন করছেন। তাদের ন্যায্য দাবিগুলো বাস্তবায়ন হলে কর্মীদের জীবনমান উন্নত হবে এবং ডাকসেবার মানও আরও বৃদ্ধি পাবে।
উল্লেখ্য, অবিভাগীয় ডাক কর্মচারী হিসেবে স্বীকৃতি, স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন, আট ঘণ্টা কর্মসময় নির্ধারণ, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, নিয়মিত নিয়োগ, অবসরকালীন সুবিধাসহ ৯ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন শাখা ডাকঘর কর্মচারীরা।
