নোয়াখালীর হাতিয়া উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে মো. সোহাগ (১২) নামে এক প্রতিবন্ধী শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২ জুন) দুপুর ১টার দিকে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জোড়াখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহাগ ওই গ্রামের মো. মহিউদ্দিনের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোহাগ জন্মগতভাবে প্রতিবন্ধী ছিল এবং মৃগী রোগে আক্রান্ত ছিল।
পারিবারিক সূত্র জানায়, দুপুরে বাড়ির পেছনের একটি পুকুরে একা গোসল করতে যায় সোহাগ। কিছুক্ষণ পর তার জেঠাতো বোন পলি আক্তার (২৩) একই পুকুরে গোসল করতে নামেন। একপর্যায়ে পানিতে ডুব দেওয়ার সময় তার পায়ে কিছু স্পর্শ করলে সন্দেহ হয়। পরে তিনি পানির নিচে খোঁজ করে সোহাগকে উদ্ধার করেন।
উদ্ধারের সময় শিশুটি অচেতন অবস্থায় ছিল। স্থানীয়রা দ্রুত তাকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।