নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : ময়মনসিংহ নগরীতে ছুরিকাঘাতে রানা মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত মাহিন পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২ জুন) বিকেল ৫টার দিকে নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের চর ঈশ্বরদিয়া মধ্যাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রানা মিয়া একই এলাকার মৃত শরাফ উদ্দিনের ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন। পরিবারের দাবি, তিনি স্থানীয় রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

আহতরা হলেন আশাদ (৩৬), মোফাজ্জল (৩৫), শাহান (৪৫), মুনসুর আলী (৫০), শাকিল (৩০) ও দেলোয়ার হোসেন (৩৫)।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনার এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ধারালো অস্ত্রের আঘাতে রানা মিয়া গুরুতর আহত হন। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অভিযুক্ত মাহিন ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মফিদুল ইসলাম মাস্টারের ছেলে বলে স্থানীয়ভাবে পরিচিত।

নিহতের স্বজন মাহাবুল অভিযোগ করেন, পূর্বের একটি রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। তবে ঘটনার বিস্তারিত তদন্তের দাবি জানান তিনি।

নিহতের ভাই তোফাজ্জল হোসেন বলেন, “আমার ভাইকে পরিকল্পিতভাবে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। আমরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বলেন, মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মঞ্জুরুল ইসলাম