ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। চতুর্থবারের মতো ‘সেরা কর্মী’ হিসেবে নির্বাচিত হওয়ায় স্থানীয় তিনটি সাংবাদিক সংগঠনের যৌথ উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

শনিবার দুপুরে সড়ক বাজারের গ্র্যান্ড সুলতান রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিক বাদল আহমেদ খান ও জুনাইদ আহমেদকেও সম্মাননা প্রদান করা হয়। বাদল আহমেদ খান দৈনিক ভোরের কাগজ এবং জুনাইদ আহমেদ দৈনিক কালবেলার আখাউড়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাদের এ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে আখাউড়া প্রেস ক্লাব, আখাউড়া রিপোর্টার্স ইউনিটি এবং প্রিন্ট ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়।

আখাউড়া প্রেস ক্লাবের সভাপতি মো. মানিক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. নুরুন্নবী ভূঁইয়া, রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম. এ. জলিল, প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. রাকিবুল ইসলাম ও জুটন বনিক এবং প্রিন্ট ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মহিউদ্দিন মিশু।

বক্তারা বলেন, বিশ্বজিৎ পাল বাবু একজন পেশাদার ও পরিশ্রমী সাংবাদিক হিসেবে স্থানীয় সাংবাদিকতায় ইতিবাচক অবস্থান তৈরি করেছেন, যা নবীন সাংবাদিকদের জন্য অনুপ্রেরণার উৎস।

অনুষ্ঠান শেষে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মুনসুর মিশন তিন সাংবাদিককে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাদের পেশাগত সাফল্য কামনা করেন।