ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে “বনলতা এক্সপ্রেস” সিনেমার প্রদর্শনী বন্ধের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে দেওয়া ব্যারিস্টার রুমিন ফারহানা এমপির বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে ঢাকা–সিলেট মহাসড়কের সরাইল উপজেলার শাহবাজপুর বাসস্ট্যান্ড এলাকায় “সচেতন ইসলামপ্রিয় জনতা” ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সোমবার শাহবাজপুরে আয়োজিত একটি মানববন্ধনে দেওয়া বক্তব্যে ব্যারিস্টার রুমিন ফারহানা ইসলাম ধর্মীয় মূল্যবোধ ও আযান-ওয়াজ সংক্রান্ত বিষয়ে কটূক্তিমূলক মন্তব্য করেছেন—যা তারা গ্রহণযোগ্য নয় বলে দাবি করেন।

বক্তারা বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কোনো বক্তব্য গ্রহণযোগ্য নয়। ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে ধর্মীয় মূল্যবোধবিরোধী কোনো কর্মকাণ্ড বা মন্তব্য বরদাশত করা হবে না বলেও তারা উল্লেখ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির যুব বিষয়ক সম্পাদক জুনায়েদ কাসেমী, ছাত্র বিষয়ক সম্পাদক এরশাদ উল্লাহ কাসেমী এবং সরাইল উপজেলা হেফাজতে ইসলামের সহ-সভাপতি হাজী মহিবুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা আরও বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো কোনো বক্তব্য দিলে তার বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে।

মানববন্ধনে হেফাজতে ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।