বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপির সঙ্গে মঙ্গলবার সংসদ ভবনে তাঁর কার্যালয়ে জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) বাংলাদেশের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ইউনিসেফ বাংলাদেশের সোশ্যাল পলিসি প্রধান স্ট্যানলি গুয়াভুইয়া।
সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার বলেন, সন্তানদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করার বিষয়ে সমাজে সচেতনতার আরও বিস্তার প্রয়োজন। তিনি শিশুবান্ধব বাজেট ও নীতি প্রণয়নে ইউনিসেফের দীর্ঘদিনের ভূমিকার প্রশংসা করেন এবং এ ধরনের উদ্যোগকে আরও জোরদার করার আহ্বান জানান।
তিনি বলেন, শিশুবান্ধব নীতি ও বাজেট বিষয়ে সংসদ সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে তাঁদের নিয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করা হলে ফলপ্রসূ আলোচনা সম্ভব হবে।
ইউনিসেফ প্রতিনিধিদলের পক্ষ থেকে বলা হয়, সংসদ সদস্যদের সঙ্গে অ্যাডভোকেসি কার্যক্রমের অংশ হিসেবে প্রাক-বাজেট ব্রিফিং এবং গোলটেবিল আলোচনা আয়োজন গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে শিশুরা সরাসরি নীতিনির্ধারকদের কাছে তাদের মতামত তুলে ধরার সুযোগ পায়।
প্রতিনিধিদল আরও উল্লেখ করে, শুধু বাজেট বরাদ্দ বৃদ্ধি করাই যথেষ্ট নয়; বরং বরাদ্দের কার্যকর ব্যবহার, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।
সাক্ষাৎকালে শিশু অধিকার সুরক্ষা, শিশুবান্ধব নীতি প্রণয়ন, বাজেট বরাদ্দ বৃদ্ধি, সামাজিক সুরক্ষা কর্মসূচি এবং বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় ইউনিসেফ বাংলাদেশের সোশ্যাল পলিসি অ্যান্ড ইকোনমিক স্পেশালিস্ট মো. আশিক ইকবাল, কমিউনিকেশন স্পেশালিস্ট ফারিয়া সেলিম, কমিউনিকেশন অফিসার কারিশমা আহমেদ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
