ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অসহায় ও সাধারণ মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ জুন) উপজেলার গোকর্ণ ইউনিয়নের জেঠাগ্রাম ফার্মগেট বাজার এলাকায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রচেষ্টা যুব ফাউন্ডেশন’-এর উদ্যোগে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। সকাল ৯টা থেকে শুরু হয়ে সারাদিনব্যাপী এ সেবা কার্যক্রম চলে।

ক্যাম্পে নারী, শিশু ও বৃদ্ধসহ প্রায় পাঁচ শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ এবং স্বাস্থ্য পরামর্শ গ্রহণ করেন।

মেডিকেল ক্যাম্পে শিশু বিশেষজ্ঞ মেজর ডা. আসাদুজ্জামান রিফাতের নেতৃত্বে মোট পাঁচজন চিকিৎসক অংশ নেন। অন্য চিকিৎসকদের মধ্যে ছিলেন—গাইনি বিশেষজ্ঞ ডা. ইসরাত হোমায়েরা নীপা, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ আর রায়হান, মেডিসিন বিশেষজ্ঞ ডা. জুবাইর জাফরী এবং ডা. আবদুল্লাহ আল নোমান।

সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে রোগীরা চিকিৎসা নিতে ভিড় করেন। চিকিৎসকদের আন্তরিক সেবা পেয়ে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক হাজী আবেদুর রহমান, লোকমান হোসেন চৌধুরী, জাহাঙ্গীর রাজা চৌধুরী, কাজী ইসমাইল, খন্দকার কাওছার আহমেদ, রুস্তম খান, আবুল বাশার, হাজী ফকির চান, মোস্তাক আহমেদ চৌধুরী, মোশাররফ হোসেন খান, এম ডি জাকির, মনির চৌধুরী, আলী আমজাদ খান, রুস্তম চৌধুরী, এস এম শহীদুল্লাহ, মামুন রাজা চৌধুরী, হানিফ খান, আসলাম খন্দকার, আজিজ খন্দকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়া প্রচেষ্টা যুব ফাউন্ডেশনের সভাপতি হৃদয় চৌধুরী ফয়সাল এবং সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন তালুকদারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, “সুশিক্ষা, সমতা ও মানবিকতায় আগামী বিশ্ব গড়ার প্রচেষ্টা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৬ সাল থেকে তারা নিয়মিতভাবে শিক্ষা, খাদ্য, শীতবস্ত্র ও চিকিৎসাসেবাসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।