ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার গঙ্গাসাগর গ্রামে একটি বাণিজ্যিক হাঁসের খামারে গত চার দিনে প্রায় আড়াইশ হাঁস মারা গেছে। এতে খামারজুড়ে চরম উদ্বেগ ও আর্থিক ক্ষতির মুখে পড়েছেন খামারি জাহাঙ্গীর মোল্লা।

স্থানীয় সূত্রে জানা যায়, গঙ্গাসাগর রেলওয়ে স্টেশনের নিকটবর্তী এলাকায় প্রবাস ফেরত জাহাঙ্গীর মোল্লা প্রায় চার মাস আগে হাঁসের খামারটি গড়ে তোলেন। শুরুতে খামারে মোট ১ হাজার ৫৫টি হাঁস ছিল। তবে গত চার দিনে একের পর এক হাঁস মারা যাওয়ায় সংখ্যা কমে দাঁড়িয়েছে প্রায় ৮০০-তে।

খামারি জাহাঙ্গীর মোল্লা জানান, প্রথমে হাঁসগুলো দুর্বল হয়ে পড়ে, পরে ঘাড় বাঁকা হয়ে কাঁপতে কাঁপতে মারা যায়। তিনি বলেন, “ঈদের দিন থেকেই এই সমস্যা শুরু হয়। প্রতিদিনই হাঁস মারা যাচ্ছে। এখন পর্যন্ত প্রায় আড়াইশ হাঁস মারা গেছে।”

তিনি আরও অভিযোগ করেন, প্রাণিসম্পদ অফিসে একাধিকবার যোগাযোগ করেও শুরুতে কোনো সাড়া পাননি। পরে স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানাজানি হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরামর্শ দেন।

স্থানীয়দের দাবি, কিছুসংখ্যক হাঁস অসুস্থ অবস্থায় রয়েছে এবং পরিস্থিতি নিয়ে তারা উদ্বিগ্ন।

আখাউড়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উপ-সহকারী কর্মকর্তা মো. আশিকুজ্জামান জানান, ভাইরাস সংক্রমণ, বিষাক্ত কীটনাশকযুক্ত খাবার গ্রহণ অথবা খামারের অস্বাস্থ্যকর পরিবেশ—এ ধরনের একাধিক কারণে হাঁস মারা যেতে পারে।

তিনি বলেন, “খামার পরিদর্শন করে প্রাথমিকভাবে কিছু পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা নিতে নির্দেশনা প্রদান করা হয়েছে।”

এদিকে ব্যাপক ক্ষতির মুখে খামারি জাহাঙ্গীর মোল্লা ও তার পরিবার মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলে জানিয়েছেন স্বজনরা।