শেরপুরের নালিতাবাড়ীতে বিদ্যুতের ছেঁড়া সেচলাইনের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলেকে উদ্ধার করতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক বৃদ্ধা মা। এ ঘটনায় আহত হয়েছেন তার ছেলে এবং মারা গেছে একটি গরুও।
সোমবার (১ জুন) সকাল ৭টার দিকে উপজেলার নয়াবিল ইউনিয়নের দুধকুড়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত হাওয়া বেগম (৭০) ওই গ্রামের মৃত জালাল উদ্দিনের স্ত্রী। আহত তার ছেলে মো. হাছান আলী (৫০) বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ঝড়ো হাওয়ায় একটি বোরো ক্ষেতে ব্যবহৃত বৈদ্যুতিক সেচলাইনের তার ছিঁড়ে জমির ওপর পড়ে ছিল। সকালে হাছান আলীর একটি গরু মাঠে ঘাস খাওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত তারের সংস্পর্শে আসে। গরুটিকে রক্ষা করতে গেলে হাছান আলী বিদ্যুৎস্পৃষ্ট হন।
ছেলের বিপদের খবর পেয়ে হাওয়া বেগম দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। ছেলেকে উদ্ধার করার চেষ্টা করতে গিয়ে তিনিও বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করার আগেই ঘটনাস্থলেই হাওয়া বেগমের মৃত্যু হয়। একই ঘটনায় গরুটিও মারা যায়।
পরে স্থানীয়রা আহত হাছান আলীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই নারীর মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের অভিযোগ, ঝড়ে ছিঁড়ে পড়া বিদ্যুতের তার দীর্ঘ সময় ধরে মাঠে পড়ে থাকলেও তা অপসারণে সংশ্লিষ্টদের উদ্যোগ না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।
