হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন সোসাইটি হবিগঞ্জ’। এ ক্যাম্পে পাঁচ শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেছেন।

রোববার (৩১ মে) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশুদের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপমহাদেশের খ্যাতনামা নাক, কান ও গলা (ইএনটি) বিশেষজ্ঞ অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার।


হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের চিকিৎসাসেবা প্রদান করছেন চিকিৎসকরা।

স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাতা সৈয়দ তাহমিদ ইসলামের সভাপতিত্বে এবং সংগঠনের সভাপতি ওলিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক, বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডা. জমির আলী, কথাসাহিত্যিক তাহমিনা বেগম গিনি এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখার সহ-সভাপতি তোফাজ্জল হোসেন সোহেল।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার বলেন, “তরুণদের মানবিক ও সামাজিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্বপ্ন সোসাইটির এ ধরনের উদ্যোগ সুবিধাবঞ্চিত মানুষের জন্য আশীর্বাদস্বরূপ।”

তিনি আরও বলেন, “গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।”

সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, “স্বপ্ন সোসাইটি দীর্ঘদিন ধরে মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তরুণদের নেতৃত্বে এমন বৃহৎ পরিসরের স্বাস্থ্যসেবা কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসনীয়।”

ক্যাম্পে রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার, ডা. জমির আলী, সিলেট রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ডা. ফজলে রাব্বি, হবিগঞ্জ মেডিকেল কলেজের ডা. রিংকু এবং ডা. লুৎফর রহমান তহবিলদার।

এ সময় স্বপ্ন সোসাইটির সাধারণ সম্পাদক আহরাজ উদ্দিন চৌধুরী সিয়াম, সহ-সভাপতি রেজওয়ান আহমেদ, সাংগঠনিক সম্পাদক শাওন খান, প্রচার সম্পাদক নাবিক হাসান, দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক জিসানসহ সংগঠনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

ছবি ক্যাপশন: